গাজীপুরে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেনকে সংবর্ধনা

Spread the love

নিজস্ব প্রতিবেদক | গাজীপুরঃ

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের জয় বাংলা রোড এলাকার সোয়াদ কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সদস্য, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে সভাপতি আবুল হোসেন বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। অসহায় ও পরিচয়হীন ব্যক্তির দাফন-কাফনে সহযোগিতা এবং অর্থাভাবে কোরআন শরিফ কিনতে না পারা মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্থায়নে সহায়তা করার আশ্বাসও দেন তিনি।

এ সময় সাধারণ সম্পাদক গাজী মামুনসহ সংগঠনের সহ-সভাপতি শওকত আলী ফকির, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ নাসির মাহমুদ, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান শিবলী, প্রচার সম্পাদক সোলাইমান বেপারী ও নির্বাহী সদস্য শাহীন সিকদার বক্তব্য দেন। বক্তারা সংগঠনের মানবিক কার্যক্রম সম্প্রসারণ, আর্থিক স্বচ্ছতা, সাংগঠনিক ঐক্য, সামাজিক সচেতনতা এবং অসহায় মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রব্বানীর উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে তাঁরা উপস্থিত হতে পারেননি। তবে মুঠোফোনে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।