চার বছরেও অভিযোগপত্র নেই, ১৪ মাস কারাভোগের পরও ঝুলছে মামলা: বিচারিক দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন

Spread the love

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর।

চার বছর পেরিয়ে গেলেও দায়ের করা মামলার অভিযোগপত্র জমা পড়েনি। অথচ ওই মামলায় প্রায় ১৪ মাস কারাভোগ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন আহমেদ সাদিকুর রহমান (রুবেল)। রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি, মিথ্যা মামলা এবং বিচারিক দীর্ঘসূত্রতার অভিযোগ তুলে বিচারব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজীপুর আদালত প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন তিনি।

লিখিত বক্তব্যে রুবেল জানান, ২০২২ সালের ২২ অক্টোবর গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানায় দায়ের করা ৮৮ নম্বর মামলায় তাঁকে আসামি করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/১(৩) ধারায় দায়ের করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, গাজীপুরের শিমুলতলী এলাকার নিজের রেস্তোরাঁ ‘দস্তরখান’ থেকে তাঁকে আটক করে মামলায় জড়ানো হয়।

রুবেলের দাবি, রেস্তোরাঁর ভাড়া নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে তাঁকে ফাঁসানো হয়। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক দলের হয়ে গোপন বৈঠক, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এসব অভিযোগের সঙ্গে তাঁর ন্যূনতম সংশ্লিষ্টতাও নেই।

তিনি আরও বলেন, রাজনৈতিক আদর্শ ও অবস্থানের কারণে তাঁকে হয়রানি এবং মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মামলাটিতে প্রায় ১৪ মাস কারাভোগ করতে হয়েছে তাঁকে। অথচ প্রায় চার বছর পার হলেও এখন পর্যন্ত অভিযোগপত্র দাখিল করা হয়নি।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত বছর গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। সে সময় তদন্তকারী কর্মকর্তার বরাতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়ার বিষয়টি উঠে আসে এবং মামলা প্রত্যাহারের তালিকায় তাঁর নাম যুক্ত করার কথা বলা হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে এখনো মামলাটি প্রত্যাহার করা হয়নি।

বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্নঃ

প্রেস ব্রিফিংয়ে শুধু নিজের মামলার বিষয় নয়, দেশের সামগ্রিক বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা ও বৈষম্য নিয়েও প্রশ্ন তোলেন রুবেল। তিনি বলেন, সাধারণ মানুষকে মিথ্যা ও সাজানো মামলায় বছরের পর বছর কারাভোগ করতে হয়। অন্যদিকে প্রভাবশালী ও অর্থবিত্তশালীদের অনেকেই আইনের ফাঁকফোকর দিয়ে সহজেই জামিন পেয়ে যান। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একটি মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর লেগে যাচ্ছে। এতে বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন। তাঁর মতে, বিচারব্যবস্থার এই কাঠামোগত দুর্বলতা দূর করা জরুরি।

তিন দফা দাবি

বিচারিক হয়রানি বন্ধ এবং বিচারব্যবস্থায় কার্যকর সংস্কারের লক্ষ্যে তিনটি দাবি তুলে ধরেন রুবেল।

দাবিগুলো হলো— ১. তাঁর নিজের মামলাসহ একই ধরনের হয়রানিমূলক ও অভিযোগপত্রবিহীন মামলা দ্রুত প্রত্যাহার অথবা নিষ্পত্তি করতে হবে। ২. তদন্তের নামে বছরের পর বছর মামলা ঝুলিয়ে রাখার সংস্কৃতি বন্ধ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগপত্র অথবা চূড়ান্ত প্রতিবেদন দাখিল বাধ্যতামূলক করতে হবে। ৩. মিথ্যা মামলায় নিরপরাধ মানুষের কারাবাস ও হয়রানি বন্ধে কার্যকর জবাবদিহি নিশ্চিত করতে হবে। অর্থ ও ক্ষমতার প্রভাবমুক্ত হয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, তিনি কোনো বিশেষ সুবিধা চান না; চান বাস্তবতার প্রকাশ ও প্রয়োজনীয় পরিবর্তন। সাংবাদিকদের মাধ্যমে নিজের অভিজ্ঞতা ও বিচারব্যবস্থার সমস্যাগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে চান।

তবে তাঁর উত্থাপিত অভিযোগ, মামলার বর্তমান তদন্তের অবস্থা এবং মামলা প্রত্যাহারের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের বক্তব্য লিখিত বিবৃতিতে পাওয়া যায়নি।