আখেরি মোনাজাতে শেষ হলো গাজীপুর জেলা ইজতেমা

Spread the love

​মোঃ ইব্রাহিম খন্দকার, গাজীপুর জেলা প্রতিনিধি।

​বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিনের গাজীপুর জেলা ইজতেমা। শনিবার (২১ নভেম্বর) বরেণ্য মুরুব্বিদের ধারাবাহিক বয়ানের পর আখেরি মোনাজাত পরিচালনা করেন মুফতি মিজানুর রহমান। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

​গত ১৯ নভেম্বর গাজীপুরের সালনায় নিজামুদ্দিন অনুসারীদের এই জেলা ইজতেমা শুরু হয়। পুরো ইজতেমার সার্বিক তত্ত্বাবধান ও জিম্মাদারির দায়িত্বে ছিলেন গাজীপুর জেলা আমির আনোয়ার হোসেন।

​ইজতেমা শুরু হওয়ার পর থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো ঝড়ো বৃষ্টি হলেও মুসল্লিদের অবস্থানে কোনো ভাটা পড়েনি। গাজীপুরের পাঁচটি উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মুসল্লি, ওলামায়ে কেরাম এবং বিদেশি মেহমানরা বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপর খণ্ড খণ্ড ত্রিপল টানিয়ে মাঠে অবস্থান নেন। কাদা-পানি আর ভোগান্তির মাঝেও ইমান-আমল মজবুত করার উদ্দেশ্যে বয়ান শুনতে মনোযোগী ছিলেন তারা।

​আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ ফজর থেকে ইজতেমার আনুষ্ঠানিক বয়ান শুরু হয়। শুরুর দিকের বয়ানে অংশ নেন মুফতি মুয়াজ বিন নূর ও মুফতি মিজানুর রহমান। পরবর্তীতে শুক্রবার জুমার নামাজের আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন তাবলীগ জামাতের বাংলাদেশের আমির সৈয়দ ওয়াসিমুল ইসলাম এবং মুফতি রায়হান। ইজতেমার শেষ দিন শনিবারও মুরুব্বিদের ধারাবাহিক বয়ান অনুষ্ঠিত হয়।
​এ ছাড়া ইজতেমায় আগত বিদেশি মেহমানদের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের (বিদেশি নজম) জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করেন শফিক ও আব্দুল হাই। শুক্রবার জুমার নামাজে আশপাশের এলাকা থেকে অসংখ্য মুসল্লি শরিক হয়ে নামাজ আদায় করেন। জুমার নামাজ পড়ান গাজীপুর জেলা শূরা সদস্য মাওলানা মহিউদ্দিন।

​সরেজমিনে ময়দান ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ভিজে ও কাদামাটি পেরিয়েও মুসল্লিরা ত্রিপলের নিচে বসে বয়ান শুনেছেন এবং জিকির-আসকারে মশগুল ছিলেন। অনেক মুসল্লি জানান, দুনিয়ার সামান্য কষ্ট ও আবহাওয়ার বৈরীতা তাদের কাছে কোনো বাধা নয়; বরং আল্লাহর রাস্তায় সময় লাগানো এবং দ্বীনের সঠিক বুঝ লাভ করাই ছিল তাদের মূল লক্ষ্য। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্তির পর মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন।