মোঃ ইব্রাহিম খন্দকার,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
দেশের শান্তিশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্টকারী যেকোনো অপশক্তিকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন। এ লক্ষ্যে তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বদা সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (২২ নভেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিকেলে পৌরসভা এলাকার এম.সি.এম উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোহাম্মদ ছোলায়মান আলম, মো. খায়রুল আহসান মিন্টু, আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহমেদ মৃধা, কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।