কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল (হোন্ডা) মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর (বুধবার) বিকেলে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি কালীগঞ্জ পৌরসভা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেখানেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন—ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ বা অন্য কোনো সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের চেষ্টা চালাবে, সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
নেতৃবৃন্দ আরও ঘোষণা দেন, কার্যক্রম নিষিদ্ধ এই সংগঠনের কোনো ধরনের অপকর্ম বা নৈরাজ্য সহ্য করা হবে না। কোথাও তাদের কোনো ধরনের অপতৎপরতা বা গোপন বৈঠকের আলোচনা শোনা গেলেই তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।