সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ: শেরপুরে বেসরকারি হাসপাতাল সিলগালা

Spread the love

উসমান ফারুক, স্টাফ রিপোর্টার:

শেরপুরের নালিতাবাড়ীতে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেলে পৌর শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত হাসপাতালটিতে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন ছাড়াই হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এ অপরাধে হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হুমায়ন আহমেদ নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র জানায়, নির্লব হাসান মিন্টু নামে এক ব্যক্তি ভাড়া করা ভবনে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে সেখানে সিজারিয়ান অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগ ছিল।

এর আগে গত শুক্রবার বিকেলে আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ময়মনসিংহের প্রান্ত হাসপাতাল এবং পরবর্তীতে নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হলে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে। ঘটনার পর শনিবার বিকেল থেকেই হাসপাতালটি বন্ধ রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *