সকালে কী খেয়ে আসছেন, সাংবাদিককে পল্লী বিদ্যুৎ ডিজিএমের প্রশ্ন

Spread the love

উসমান ফারুক-স্টাফ রিপোর্টার

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎ ব্যবহার না করেও একটি সেচ সংযোগের বিপরীতে ৩ হাজার টাকার বেশি বিল আসার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার পাশাপাশি অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আখতারুজ্জামানের বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে জানতে নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে যান দৈনিক জনবাণী পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সারোয়ার হোসাইন। অভিযোগ অনুযায়ী, এ সময় বিলের অসংগতির কারণ জানতে চাইলে ডিজিএম আখতারুজ্জামান তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সকালে কী খেয়ে আসছেন?’

অভিযোগ সূত্রে জানা যায়, নালিতাবাড়ীর একটি সেচ সংযোগে গত তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে মাত্র ২৯২ টাকা। অথচ চলতি মাসে হঠাৎ ওই সংযোগের বিপরীতে বিল করা হয়েছে ৩ হাজার ৩০১ টাকা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরে বিলের কারণ জানতে চাইলেও সন্তোষজনক ব্যাখ্যা বা সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ওই সাংবাদিক। পরে বিষয়টি নিয়ে ডিজিএম আখতারুজ্জামানের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ডিজিএম বিল পরিশোধ করতেই হবে বলে জানান। কেন এত বেশি বিল পরিশোধ করতে হবে, এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিককে ‘সকালে কী খেয়ে আসছেন’ বলে প্রশ্ন করেন। কারণ জানতে গিয়ে এমন মন্তব্যের শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ওই সাংবাদিক। তার মতে, একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার।

এদিকে নালিতাবাড়ীতে সেচ সংযোগ অনুমোদন নিয়েও একাধিক অনিয়মের অভিযোগ ছাড়াও, অতিরিক্ত বিলিং,ভুয়া জরিম, পুল বা খুটি স্থাপনে অতিরিক্ত টাকা আদায়েরও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অনুমোদন এবং পল্লী বিদ্যুতের নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই অর্থের বিনিময়ে একাধিক সেচ সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

উপজেলার গোজাকুড়া গ্রামের ভুক্তভোগী সেচমালিক আব্দুল করিম অভিযোগ করে বলেন, বিএডিসির অনুমোদন ছাড়াই তার সেচ লাইনের পাশে আরেকটি সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এজন্য ওই এলাকার মোহাম্মদ আলীর কাছ থেকে টাকা নিয়ে সংযোগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তিনি তাৎক্ষণিক প্রতিবাদ করায় সংযোগটি দেওয়া সম্ভব হয়নি। আব্দুল করিম আরও বলেন, অবৈধভাবে সেচ সংযোগ দেওয়া বন্ধের দাবিতে একাধিকবার অভিযোগ দিয়েছেন। কিন্তু তার অভিযোগ আমলে না নিয়ে অর্থের বিনিময়ে অবৈধ সংযোগ দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।