স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ) বিকাল ৪টায় ধানুয়া কামালপুর হাই স্কুল মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সাধারণ মানুষ ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেন। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক ও জাতীয় ঐক্যের প্রতিচ্ছবি। তাঁর সুস্থতা আজ শুধু বিএনপির নয়, বরং পুরো জাতির প্রত্যাশা। তিনি আরও বলেন, বেগম জিয়ার অসুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যারা কুৎসিত রাজনৈতিক খেলায় লিপ্ত, জনগণ সেই ষড়যন্ত্র রুখে দেবে। ঘোষিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইনশাআল্লাহ খালেদা জিয়া সুস্থ হয়ে ও তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে নির্বাচন করে সরকার গঠন করবেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দোয়া মাহফিল শেষে দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান শরীফ হিমু।