হাবিবুর রহমান (রিপোর্টার)
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় এবং কুমুদিনী সরকারি কলেজের প্রাক্তন ছাত্রী ও লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবার সহযোগিতা কামনা করেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানানো হয়।
শুধু প্রশাসনিক দায়িত্ব নয়—সোহানিয়ার আলোচনায় আসার গল্প শুরু হয়েছিল আরও আগে। ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সেরা দশে জায়গা করে নেন। মনোমুগ্ধকর হাসির জন্য অর্জন করেন ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ খেতাবও। প্রতিযোগিতা শেষে শোবিজ অঙ্গনে কিছু কাজ করলেও নিয়মিত হননি তিনি। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের লক্ষ্য নিয়ে নিজেকে পড়াশোনায় মনোনিবেশ করেন।
পরে প্রশাসনে যোগ দিয়ে তিনি দায়িত্বশীলতা, সততা ও মানবিকতার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর নতুন দায়িত্ব গ্রহণে কিশোরগঞ্জ উপজেলার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিময় হবে বলে আশা করছেন স্থানীয়রা।