নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১১ জুন-২০২৬) দুপুরে উপজেলার গাহলী বাজারে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা জমি দখল, ক্ষমতার অপব্যবহার, ভয়ভীতি ও নির্যাতনসহ তার বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে মানুষের জোরপূর্বক জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাট এবং নির্যাতন করছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার মিলেনি। তাই এসব সমস্যা সমাধানে দ্রুত প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

উপজেলার মহিষবাথান সর্দারপাড়া গ্রামের ভুক্তভোগী হাসিনা বানু বলেন, মতিন ও তার ভাই লতিফ আমার বাড়ির জমি দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা আমাকে মারপিট করে ঘরের জিনিসপত্র লুটপাট করে এবং বাড়ি ভেঙ্গে দিয়ে জমি দখল করে। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলেও নেওয়া হয়নি। আমি আমার জমি ফেরত চাই এবং সুষ্ঠু বিচার চাই।

চককৃষ্ণপুর গ্রামের ভুক্তভোগী হুমায়ূন আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে আমরা একটি পুকুরে মাছ চাষ করতাম। সেই পুকুরে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ছিল। হঠাৎ একদিন রাতে মতিনের লোকজন এসে পুকুরের মাছ লুটপাট করে নিয়ে যায়। তিনি প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে থানাকে জানালেও কোনো সহযোগিতা পাইনি।

আরেক ভুক্তভোগী পরিতোষ মণ্ডল বলেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিনের অনিয়ম ও প্রভাব বিস্তার আরও বেড়েছে। পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে আমার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়।

কফিল উদ্দিন মন্ডল বলেন, মতিন ভুয়া দানপত্র একটি দলিল করে আমার ক্রয় করা সম্পত্তি জবরদখল করে খাচ্ছে। জমিতে থাকা ২০০ কলার গাছ কেটে ফেলে। আবার ৫ লাখ টাকা দাবি করে বলে টাকা দিলে ওই জমিতে যাবো না। পরে থানায় অভিযোগ দিলেও কোন কাজ হয়নি।

অভিযোগের বিষয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *