মো: ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)
মাদক কোনো সমস্যার সমাধান নয়; বরং এটি একটি সম্ভাবনাময় জীবনকে তিলে তিলে ধ্বংস করার অন্যতম প্রধান কারণ। যুবসমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং একটি অপরাধমুক্ত সমাজ গড়তে পারিবারিক সচেতনতার বিকল্প নেই।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের উত্তর সোম গ্রামে আয়োজিত এক বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘তথ্য আপা’ প্রকল্পের সহযোগিতায় এই বাল্যবিয়ে ও মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় ‘গ্রাম আদালত’ বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করতে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচ্য বিষয়সমূহঃ
বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠন, বৈঠকে বাল্যবিয়ের কুফল, আইনি শাস্তি এবং এটি প্রতিরোধে গ্রামীণ নারীদের সচেতন ও সোচ্চার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সঃ যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক বর্জন এবং পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। গ্রাম আদালতের সেবাঃ স্বল্প সময়ে, কম খরচে এবং ঘরের কাছে আইনি সেবা পেতে গ্রাম আদালতের কার্যকারিতা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রগতিশীল, উন্নত ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে এ ধরণের তৃণমূল পর্যায়ের সচেতনতামূলক সামাজিক কার্যক্রম গ্রামীণ জনপদে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। উক্ত সচেতনতামূলক সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাকির হোসেন, তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর বাক্কু, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক নারী ও স্থানীয় সাধারণ জনগণ।