মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবন করে এলাকায় উপদ্রব সৃষ্টি এবং স্ত্রীর গায়ে হাত তোলার অপরাধে রুস্তম মিয়া (৪০) নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রুস্তম মিয়া উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, রুস্তম মিয়া দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। নেশাগ্রস্ত হয়ে তিনি কেবল বাড়িতেই নয়, বরং আশপাশের এলাকায়ও নিয়মিত উপদ্রব সৃষ্টি করতেন। বিশেষ করে প্রায়ই তিনি তার স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। তার এমন আচরণে পরিবার ও আশপাশের মানুষ চরম অতিষ্ঠ হয়ে পড়েছিল। অবশেষে তার এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে রুস্তমের নিজ বাবা-মা ও স্ত্রী স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।