মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ও এক বিএনপি নেতা নিহতের ঘটনায় মূল ঘাতক পিকআপটি উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই পিকআপের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। কালীগঞ্জ থানার মিডিয়াসেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ পৌরসভার সরকারি শ্রমিক কলেজসংলগ্ন এলাকায় রুটিন ডিউটি শেষে থানায় ফেরার পথে বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লার সঙ্গে কথা বলার জন্য পুলিশের গাড়িটি রাস্তার পাশে থামানো হয়। এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী বেপরোয়া গতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ দল ও ওই বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পুলিশের এসআই মো. মিজানুর রহমান এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। এ ঘটনায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সাহায্য নেয়।
গত ২৮ অক্টোবর সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে থেকে ঘাতক পিকআপটি (ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) জব্দ করা হয়। এ সময় পিকআপের হেলপার মো. রাজু শেখকে (২৯) গ্রেপ্তার করা হয়। রাজু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকার মো. লুৎফর রহমানের ছেলে। হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চালকের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) র্যাব-১ ও র্যাব-২ এর যৌথ অভিযানে পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার চারখালী এলাকা থেকে পিকআপটির চালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (অপস্ ও মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনাটি তদন্ত করছে। ঘাতক পিকআপটি জব্দ করার পাশাপাশি চালক ও হেলপার উভয়কে আইনের আওতায় আনা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।