শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেপ্তার সাগর হোসেন (২০) কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার শরীফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন ব্যবসায়ী আজিবর রহমান। পথে ঠাকুরপাড়া বাজার এলাকায় শরীফ হোসেন, তার দুই ছেলে সুমন ও সাগরসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়।
এতে আজিবর রহমান গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন। মামলায় শরীফ হোসেন, তার দুই ছেলে সাগর হোসেন ও সুমন হোসেনকে আসামি করা হয়।
মামলার পর আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। তবে ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। পরে শুক্রবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, “ঠাকুরপাড়া এলাকার ব্যবসায়ী আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”