জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Spread the love

মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি, পরিচয়পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও ডিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মাসুদুর রহমান মিলন, সাংগঠনিক সচিব মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক রাব্বি মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি শওকত হোসেন সরকার বলেন, “সাংবাদিকদের আমি সবসময় মূল্যায়ন করে থাকি। আমি মনে করি, একজন সাংবাদিক যদি সমাজের সত্য তুলে ধরেন, তবেই সমাজ সুন্দর ও সুশীল সমাজে পরিণত হয়।”

তিনি আরও বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন। সাংবাদিকদের ওপর কোনো ধরনের হুমকি বা আঘাতের চেষ্টা হলে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পর বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমকর্মীদের সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত।”

প্রধান আলোচক মোঃ আলমগীর গনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। এশিয়ার সর্ববৃহৎ সংগঠন হিসেবে পরিচিত এই সংগঠনের গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক তৎপরতা বিগত দিনে সন্তোষজনক না হওয়ায় বেশ কয়েকবার কমিটিতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, “এবারের কমিটি সম্পূর্ণ পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত। তাই আশা করছি, আগামী দিনে এই কমিটি গাজীপুরবাসীর জন্য নিরলসভাবে কাজ করতে পারবে।”

প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও ভালোবাসার প্রশংসা করে তিনি জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী শাকিল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ রায়।

আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়।