আদমদীঘির ছাতিয়ানগ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মিজানুর রহমান জিকো

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আগাম আলোচনা ও নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায় উঠে এসেছেন রাজনৈতিক পরিবারের সন্তান মিজানুর রহমান জিকো।

উচ্চশিক্ষা, আন্তর্জাতিক কর্মঅভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে পুঁজি করে তিনি ইউনিয়নজুড়ে নিজের অবস্থান তৈরি করছেন। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সমস্যার খোঁজখবর নেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন তিনি।

মিজানুর রহমান জিকোর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য বেশ পুরোনো। তাঁর দাদা প্রয়াত আব্দুল মজিদ তালুকদার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর চাচা আব্দুল মোমেন তালুকদারও একই আসনের সংসদ সদস্য ছিলেন। আর তাঁর বাবা আব্দুল মহিত তালুকদার বর্তমানে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের এই রাজনৈতিক পথচলার কারণে পরিবারটি ছাতিয়ানগ্রামসহ আশপাশের এলাকায় পরিচিতি লাভ করেছে।

জানা যায়, মিজানুর রহমান জিকোর জন্ম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে। তাঁর শিক্ষাজীবন শুরু হয় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। পরবর্তী সময়ে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে আরএমআইটি ইউনিভার্সিটি থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতক এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে মাল্টিমিডিয়ায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনেও রয়েছে তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার টেলস্ট্রা করপোরেশন লিমিটেডের ফল্টস অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট বিভাগে কাজ করেন। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানে কাস্টমার কমপ্লেইন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকার দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি এজি অ্যাকুয়াকালচার লিমিটেড এবং এজি ফিডমিল লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির সঙ্গেও তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার মেলবোর্ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বগুড়া জেলা যুবদলের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইসিটি ফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় নিজেকে জনসেবায় নিয়োজিত করতে চান মিজানুর রহমান জিকো। স্থানীয়দের সঙ্গে তাঁর নম্র ও বিনয়ী আচরণ নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। অনেকেই তাঁর ব্যক্তিত্ব ও আচরণের মধ্যে দাদা প্রয়াত আব্দুল মজিদ তালুকদারের প্রতিচ্ছবি খুঁজে পান।

স্থানীয় আফাজ উদ্দিনসহ একাধিক ব্যক্তি জানান, শুধু পারিবারিক রাজনৈতিক পরিচয় নয়, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করাও গুরুত্বপূর্ণ। তাঁদের ভাষ্য, জিকোর নম্রতা ও বিনয়ী আচরণ তাঁদের মুগ্ধ করেছে। নতুন প্রজন্মের নেতৃত্বে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো বলেন, “জনগণের সেবাই হবে আমার প্রধান লক্ষ্য। আমার দাদা, চাচা ও বাবাকে দেখেছি মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে জনসেবা করতে। তাঁদের আদর্শ ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমিও মানুষের পাশে থাকতে চাই।”

জানা গেছে, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ রয়েছে জিকোর। তাঁর এই রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনে রয়েছে দাদার রাজনৈতিক স্মৃতি, ছাতিয়ানগ্রামের মানুষের প্রতি ভালোবাসা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়। তবে শেষ পর্যন্ত নির্বাচনে তাঁর অংশগ্রহণ এবং স্থানীয় ভোটারদের সমর্থন কতটা অর্জন করতে পারেন, তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী সমীকরণের ওপর।