আব্দুর রশিদ তারেক, নওগাঁ।
নওগাঁ শহরের সিও অফিস বাজার এলাকায় সড়কের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ সবজির দোকান অপসারণ করেছে জেলা ট্রাফিক পুলিশ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সিও অফিস বাজার এলাকায় ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা ক্রমান্বয়ে মূল সড়কের প্রায় এক-তৃতীয়াংশ দখল করে দোকান বসাচ্ছিলেন। এতে ওই সড়কে তীব্র যানজট ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। জনদুর্ভোগ লাঘব ও যান চলাচল স্বাভাবিক রাখতে আজ সকালে অভিযান চালিয়ে সড়কের ওপর থেকে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়।
অভিযান শেষে জনসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি সড়কের ওপর দোকান না বসানোর অনুরোধ জানিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। সেই সাথে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।