জাতীয় পার্টির নেতা টিটু চেয়ারম্যানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ

Spread the love

বিএনপির মনোনয়ন ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ, গেজেটে রয়েছে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান হিসেবে নাম

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২ নম্বর হোসেনপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ তৌফিকুল আমিন মণ্ডল টিটুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিথ্যা, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। তাঁর রাজনৈতিক পরিচয়, দলীয় অবস্থান, আর্থিক লেনদেন এবং আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। বিশেষ করে তাঁকে কখনো আওয়ামী লীগের নেতা বা অর্থদাতা, আবার কখনো বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছেন এই জনপ্রতিনিধি।

তৌফিকুল আমিন মণ্ডল টিটুর রাজনৈতিক পরিচয়ের পক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রকাশিত সরকারি গেজেটের কপিও রয়েছে। ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে প্রকাশিত ওই গেজেটে তাঁকে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গেজেটের কপি ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে তাঁর ফুলেল শুভেচ্ছা বিনিময়ের আলোকচিত্র রয়েছে, যা তাঁর দলীয় রাজনৈতিক সম্পৃক্ততার দালিলিক প্রমাণ হিসেবে সামনে এসেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তাঁকে ঘিরে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা, বিএনপির নেতার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক, গাড়ি দেওয়া এবং অর্থের বিনিময়ে রাজনৈতিক সুপারিশ পাওয়ার মতো বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে টিটু জানান, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতি করেননি, আওয়ামী লীগের কোনো নেতা বা রাজনৈতিক কর্মকাণ্ডের অর্থদাতা ছিলেন না। একইভাবে তিনি বিএনপিতে যোগ দেননি এবং বিএনপির মনোনয়নও গ্রহণ করেননি। অথচ কোনো ধরনের সত্যতা যাচাই ছাড়াই তাঁকে জড়িয়ে এসব তথ্য প্রচার করা হচ্ছে।

জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের সঙ্গে আলাপকালে মোঃ তৌফিকুল আমিন মণ্ডল টিটু বলেন, “আমি জাতীয় পার্টির মনোনীত এবং গেজেটভুক্ত চেয়ারম্যান। এলাকার মানুষ আমাকে জাতীয় পার্টির নেতা হিসেবেই চেনেন। আমি বিএনপিরও নই, আওয়ামী লীগেরও নই। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কেউ যেন বিভ্রান্ত না হন, সে জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি যদি কোনোদিন রাজনৈতিক দল পরিবর্তন করি, তাহলে আপনাদের জানিয়েই প্রকাশ্যে করব। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো এবং একজন জনপ্রতিনিধির সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা কখনোই কাম্য নয়।”

বিএনপির কোনো নেতাকে গাড়ি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এসব সম্পূর্ণ বানোয়াট কথা। আমি কেন কাউকে গাড়ি দিতে যাব? আমি কি কোনো মাফিয়া বা পলাতক আসামি? আমি তো এখনো আমার এলাকায় আছি, জনগণের পাশে আছি এবং নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে এ ধরনের মনগড়া বক্তব্য প্রচারের কোনো যৌক্তিকতা নেই।”

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে টিটু বলেন, আগামী নির্বাচনে তিনি প্রার্থী হবেন এটা নিশ্চিত তবে সময় ও পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা সবাইকে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধির রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত অবস্থান নিয়ে কারও কোনো প্রশ্ন থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তা তুলে ধরা যেতে পারে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা ও মনগড়া তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধিকে নিয়ে অভিযোগ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্যের সত্যতা যাচাই এবং উভয় পক্ষের বক্তব্য তুলে ধরা জরুরি। রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে সরকারি নথি ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে প্রকৃত বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু।