মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক জনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. টি. এম কামরুল ইসলাম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. রতন মিয়া (পিতা: আব্দুল আলী)। তিনি উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে রতন মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রয় ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষিত ৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ (ফয়েল পেপার, সেবনের কাজে ব্যবহৃত বোতল ইত্যাদি) উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত মামলায় (মামলা নং- ২১/২০২৬) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড (ডি সি আর নং- ৮৬৩২৫২) প্রদান করেন ইউএনও এ. টি. এম কামরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম। উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।