বৃষ্টি উপেক্ষা করে ত্রিপলের নিচেই বয়ান শুনছেন গাজীপুর জেলা ইজতেমার মুসল্লিরা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, ​গাজীপুর প্রতিনিধিঃ

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় ইজতেমার ময়দানে অবস্থান করছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। নিজামুদ্দিন অনুসারীদের গাজীপুর জেলা ইজতেমা শুরু হওয়ার পর থেকেই শুরু হওয়া বৃষ্টির মাঝে খোলা আকাশের নিচে মাঠের ভেতর খণ্ড খণ্ড ত্রিপল টানিয়ে বরেণ্য ওলামায়ে কেরামের বয়ান শুনছেন তারা।

​গত ১৯ নভেম্বর থেকে গাজীপুরের সালনায় শুরু হয়েছে এই জেলা ইজতেমা। পুরো ইজতেমা সার্বিক তত্ত্বাবধান ও জিম্মাদারির দায়িত্বে রয়েছেন গাজীপুর জেলা আমির আনোয়ার হোসেন। ​ইজতেমা শুরু হওয়ার পর থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো ঝড়ো বৃষ্টি শুরু হলেও মুসল্লিদের অবস্থানে কোনো ভাটা পড়েনি। গাজীপুরের পাঁচটি উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মুসল্লি, ওলামায়ে কেরাম এবং বিদেশি মেহমানরা বৃষ্টি থেকে বাঁচতে মাথার ওপর খণ্ড খণ্ড ত্রিপল টানিয়ে মাঠে অবস্থান নিয়েছেন। কাদা-পানি আর ভোগান্তির মাঝেও ইমান-আমল মজবুত করার উদ্দেশ্যে বয়ান শুনতে মনোযোগী রয়েছেন তারা।

​আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার বাদ ফজর থেকে ইজতেমার আনুষ্ঠানিক বয়ান শুরু হয়। শুরুর দিকের বয়ানে অংশ নেন মুফতি মুয়াজ বিন নূর ও মুফতি মিজানুর রহমান। পরবর্তীতে শুক্রবার জুমার নামাজের আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন তাবলীগ জামাতের বাংলাদেশের আমির সৈয়দ ওয়াসিমুল ইসলাম এবং মুফতি রায়হান। এ ছাড়া ইজতেমায় আগত বিদেশি মেহমানদের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের (বিদেশি নজম) জিম্মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন শফিক ও আব্দুল হাই।

​সরেজমিনে ময়দান ঘুরে দেখা যায়, বৃষ্টিতে ভিজে ও কাদামাটি পেরিয়েও মুসল্লিরা ত্রিপলের নিচে বসে বয়ান শুনছেন এবং জিকির-আসকারে মশগুল রয়েছেন। অনেক মুসল্লি জানান, দুনিয়ার সামান্য কষ্ট ও আবহাওয়ার বৈরীতা তাদের কাছে কোনো বাধা নয়; বরং আল্লাহর রাস্তায় সময় লাগানো এবং দ্বীনের সঠিক বুঝ লাভ করাই তাদের মূল লক্ষ্য।

২১ নভেম্বর বরেণ্য মুরুব্বিদের ধারাবাহিক বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিনের গাজীপুর জেলা ইজতেমা ২০২৬ শেষ হবে।