কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত: সমবায়ের মাধ্যমেই গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব রুহুল কবির রিজভী

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

​”করব সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

​রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ী এলাকার কালব রিসোর্ট এন্ড কনভেনশন হলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রমের শুভসূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। পরে সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (ভারপ্রাপ্ত) মহাসচিব বলেন, “গত কয়েক বছর ধরে সমবায়ের অগ্রগতি কিছুটা কমে গেছে। বর্তমান সরকার সমবায় আন্দোলনের মাধ্যমে কৃষিভিত্তিক ও সামাজিক-অর্থনৈতিক বিস্তার ঘটানোর এক যুগান্তকারী প্রচেষ্টা হাতে নিয়েছে। সমবায়ের মাধ্যমে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।” তিনি আরও বলেন, সমবায় কার্যক্রমের পরিধি বাড়িয়ে দেশের সার্বিক অর্থনীতি ও সামাজিক উন্নয়ন, নিরক্ষরতা দূরীকরণ, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি এবং যুবসমাজকে অপরাধ ও অবক্ষয় থেকে দূরে রেখে কর্মমুখী করে তোলা সম্ভব।

​জাতীয় মহিলা সংস্থার উপজেলা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া (এনডিসি), উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

​সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব)-এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরিফিকেশন, কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বি.আর.ডি.বি)-এর সভাপতি নায়েবুর রহমান (ভিপি মাসুদ), চুয়ারিয়াখোলা (উঃ) কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সভাপতি মো. নূরুল ইসলাম, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ-এর সেক্রেটারি সানজিতা রোজারিও এবং নাগরী খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভাইস চেয়ারম্যান মি. উজ্জল ডেনিস রোজারিও প্রমুখ।

​আলোচনা সভায় বক্তারা সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সমবায় আন্দোলনই দেশের গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কেবল সমাজ উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জন করা সম্ভব।

​অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান ও সমবায়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।