মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা বিধানে অনন্য অবদান রাখায় ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা সনদ লাভ করেছেন মো: শহিদুল্লাহ সরকার।
তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের গ্রাম পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মাননা সনদ শহীদুল্লাহর হাতে তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ তাঁর এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা সনদে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো: শহীদুল হাসান।
সনদে উল্লেখ করা হয়, মো: শহিদুল্লাহ সরকার তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়নমূলক কার্যদি বাস্তবায়ন, গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছেন। তাঁর এই সততা, কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
তাঁর এই অর্জনে স্থানীয় এলাকাবাসী ও সহকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।