মো: ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে এবং পরামর্শক প্রতিষ্ঠান ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লি.’-এর সার্বিক তত্ত্বাবধানে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউজিআইপি প্রকল্পের জিআইসিডি বিভাগের টিম লিডার ড. আজহার আলী। পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর পরিকল্পনার নানা দিক তুলে ধরেন সিনিয়র আরবান প্ল্যানার কে.এম আবুল বাশার এবং আরবান প্ল্যানার নাজমুস সাদাত।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। টেকসই অবকাঠামো নির্মাণ, সেবার মান বৃদ্ধি এবং নাগরিক সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করতে পৌর প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।” তিনি আধুনিক নগর ব্যবস্থাপনায় জনগণের সম্পৃক্ততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মুক্ত আলোচনায় বক্তারা কালীগঞ্জ পৌরসভার সড়ক যোগাযোগ, পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দেন। সভায় পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, টিএলসিসি ও ডব্লিউএলসিসির সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত থেকে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন।