ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি প্রয়োজন সম্মিলিত উদ্যোগ: ইউএনও কামরুল ইসলাম

Spread the love

​মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে শুধু সরকারি বা মশক নিধন অভিযানই যথেষ্ট নয়, সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টাই এর স্থায়ী সমাধান দিতে পারে বলে মন্তব্য করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা সরকারি হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকালে তিনি এসব কথা বলেন।

​ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল ওষুধ ছিটানোই শেষ কথা নয়; আমাদের চারপাশের পরিবেশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সচেতন হতে হবে।
​তিনি আরও জানান, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসংগমস্থলকে অগ্রাধিকার দিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গুর বিস্তার রোধে তিনি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ​অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে জমে থাকা ময়লা-আবর্জনা ও স্থির পানি অপসারণ করা হয় এবং ওষুধ প্রয়োগের মাধ্যমে মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়।

​উক্ত পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও কামরুল ইসলামের সাথে আরও উপস্থিত ছিলেন— ​আল-আমিন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি),​ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ​মো. হুমায়ুন কবির মাস্টার, আহ্বায়ক, উপজেলা বিএনপি,​মো. আবু বকর মিয়া, চেয়ারম্যান, তুমলিয়া ইউনিয়ন পরিষদ, ​মন্নুর আহমেদ, সহকারী প্রকৌশলী, কালীগঞ্জ পৌরসভা,
​শ্যামল কুমার দত্ত, সচিব, কালীগঞ্জ পৌরসভা,​মো. দুলাল মোড়ল, হিসাবরক্ষক, কালীগঞ্জ পৌরসভা,​ডা. মো. আল-আমিন, ​এমওডিসি, ডা. জিসেলী ঘোষ মুনমুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), এ সময় পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।