মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে শুধু সরকারি বা মশক নিধন অভিযানই যথেষ্ট নয়, সাধারণ মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টাই এর স্থায়ী সমাধান দিতে পারে বলে মন্তব্য করেছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা সরকারি হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকালে তিনি এসব কথা বলেন।
ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল ওষুধ ছিটানোই শেষ কথা নয়; আমাদের চারপাশের পরিবেশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি হতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সচেতন হতে হবে।
তিনি আরও জানান, কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসংগমস্থলকে অগ্রাধিকার দিয়ে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গুর বিস্তার রোধে তিনি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে জমে থাকা ময়লা-আবর্জনা ও স্থির পানি অপসারণ করা হয় এবং ওষুধ প্রয়োগের মাধ্যমে মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়।
উক্ত পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও কামরুল ইসলামের সাথে আরও উপস্থিত ছিলেন— আল-আমিন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি),ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মো. হুমায়ুন কবির মাস্টার, আহ্বায়ক, উপজেলা বিএনপি,মো. আবু বকর মিয়া, চেয়ারম্যান, তুমলিয়া ইউনিয়ন পরিষদ, মন্নুর আহমেদ, সহকারী প্রকৌশলী, কালীগঞ্জ পৌরসভা,
শ্যামল কুমার দত্ত, সচিব, কালীগঞ্জ পৌরসভা,মো. দুলাল মোড়ল, হিসাবরক্ষক, কালীগঞ্জ পৌরসভা,ডা. মো. আল-আমিন, এমওডিসি, ডা. জিসেলী ঘোষ মুনমুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), এ সময় পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।