মোঃ মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাজচরের পূর্ব পাশে বসবাসকারী আশরাফ ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন মৌজায় প্রায় দেড় হাজার বিঘা জমি দখলে রাখার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও লাঠিয়াল বাহিনীর সহায়তায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি দখলে রাখা হয়েছে। এ ঘটনায় আশরাফ ব্যাপারীর বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা চলমান এবং শত শত অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। তবে এসব অভিযোগ ও মামলার বর্তমান অবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আদালতের নথি যাচাই ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।
অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ভূমি মালিকদের কাগজপত্র যাচাই করে জমি বুঝিয়ে দেওয়া এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, বৈধ কাগজপত্র থাকার পরও কোনো মানুষ যেন তার জমির অধিকার থেকে বঞ্চিত না হন।
মানববন্ধন থেকে নিরপেক্ষ তদন্ত, অবৈধ দখলমুক্তকরণ এবং প্রকৃত ভূমি মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।