মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রধান হাতিয়ার—এ কথা বলেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা জোড়া পাম সংলগ্ন ‘দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউট’-এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘শিক্ষা উৎসব-২০২৬, বিজ্ঞানমেলা এবং এম ইন লাইফ প্রজেক্ট প্রদর্শনী’র প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সকাল সাড়ে ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। এরপর কোরআন তেলাওয়াত, আজান ও নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটের সভাপতি মো. কামাল উদ্দিন ও নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম সরকার। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন আরও বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তিনি মানসম্মত শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।তিনি জানান, প্রতিষ্ঠানটিতে ২০২৭ শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।