মাদক, অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে সমস্বরে কথা বলতে হবে- একেএম ফজলুল হক মিলন

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ একেএম ফজলুল হক মিলন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি। মাদক ব্যবসা, সেবন ও পরিবহন পুরোপুরি বন্ধ করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে একযোগে ও সমস্বরে কথা বলতে হবে।

​রবিবার (২৩ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। ​প্রধান অতিথির বক্তব্যে একেএম ফজলুল হক মিলন এমপি আরও বলেন, সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখা একটি সমন্বিত দায়িত্ব।

অপরাধদমনে শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও গণজাগরণ। ​সভায় বক্তারা বর্তমান কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা উপজেলার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশু নির্যাতন নির্মূল এবং চুরি-ডাকাতিসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। একটি সমন্বিত উদ্যোগ ও সর্বস্তরের সচেতনতার মাধ্যমে শান্তিময়, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ্ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা।​

এ ছাড়া সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. কুহিনুর বেগম এবং কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *