মাহবুবুর রহমান জিলানীঃ
গাজীপুর–২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের গাছা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে গাছা রোডের বাসষ্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। মশাল হাতে নিয়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বোর্ড বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে গাজীপুর–২ আসনে দলের জন্য গ্রহণযোগ্য ও ত্যাগী প্রার্থীর জন্য মনোনয়নের দাবি করে বলেন তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে দেওয়া মনোনয়ন দলের জন্য ক্ষতিকর হবে। অবিলম্বে মনোনয়ন পুনর্বিবেচনা না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
মশাল মিছিলে গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ইদ্রিস খান, ৩৭ নং বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মির্জা সফিক, বিএনপি নেতা হাজী মতিউর রহমান, রাজু আহমেদ শাহীনসহ বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।