কাপাসিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানঃ দুই অবৈধ ইটভাটা উচ্ছেদ, মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের কাপাসিয়ায় পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্সবিহীন দুটি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানদিয়া ও পোনাশাড়ি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধানদিয়া গ্রামের ‘মেসার্স আর.এল.বি’ (মালিক- মোঃ হারুন) এবং পোনাশাড়ি গ্রামের ‘মেসার্স এম.এস.বি’ (মালিক- সাইফুল ইসলাম ও মামুন) নামক ইটভাটা দুটি দীর্ঘ দিন ধরে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানকালে ভাটা দুটির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। এছাড়া ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। অভিযানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পরিদর্শক রকিবুল হাসান।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *