মো. আবদুল করিম সোহাগ, ঢাকাঃ
ঈদ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নগরবাসীর জন্য ঈদের আনন্দ আরো উপভোগ্য করে তুলতে এবারো থাকছে বিশেষ আয়োজন। “চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব” শিরোনামে এই আয়োজন অনুষ্ঠিত হবে ২০ মার্চ ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৬.৩০টায়। অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মফিদুর রহমান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠান আয়োজন নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ(রেজাউদ্দিন স্টালিন) বলেন, “অন্তর্ভুক্তিমুলক সমাজ পরিগঠনের জন্য কাজ করছি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান সব জাতিগোষ্ঠির উৎসবগুলোকে আমরা গুরুত্বের সঙ্গে উদযাপন করতে চাই। সেই সমাজের দিকে যেতে চাই যেখানে সব মানুষ আমরা এক হয়ে কাজ করবো। কোন হিংসা নয়, সমাজে একে অপরের প্রতি সংঘাত বিদ্বেষ নয়, সবার একটি সম্মিলিত, ঐক্যবদ্ধ সুগঠিত সমাজ। গণতান্ত্রিক সমাজ গঠনের যে নতুন পরিকল্পনা সরকার হাতে নিয়েছে তার সাথে সংগতি রেখে আমরা এ আয়োজন করেছি। আনন্দপূর্ণ এ আয়োজনে সবার সরব উপস্থিতি আমরা আশা করছি।“
একাডেমির সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানটিতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এতে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনীন ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য, সমীর কাওয়াল। এছাড়াও সকলের জন্য উন্মুক্ত থাকছে মেহেদী কর্ণার।