মোঃ শহিদ সরকার, গাজীপুরঃ
চাঁদা না পেয়ে সিয়াম পরিবহনের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল সিয়ামকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল গাজীপুরের পরিবহন খাত। আগামী ৭ দিনের মধ্যে মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
গাজীপুর ভোগড়া বাইপাস বাস টার্মিনাল সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা।
প্রতিবাদ কর্মসূচিতে পরিবহন নেতারা জানান, হামলার ঘটনায় আটজনের নামে মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে। বাকি সাতজনকে আগামী ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন তারা।
উল্লেখ্য, গত ২৮ শে জুলাই রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকায় অবস্থিত সিয়াম পরিবহনের কাউন্টারে একদল সন্ত্রাসী হামলা চালায়। চাঁদা না পেয়ে সিয়াম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল সিয়ামের ওপর হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে এই ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমাবেশ শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত পরিবহন নেতারা।