নেশা করে মসজিদে ঢুকে হামলা ও ভাংচুর

Spread the love

উসমান ফারুক-স্টাফ রিপোর্টার

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় মসজিদে ঢুকে ভাংচুর ও ইমামসহ মুসল্লিদের উপর হামলার অভিযোগ উঠেছে একদল নেশাগ্রস্ত ব্যক্তির বিরুদ্ধে। এমন অভিযোগে রোববার (২রা নভেম্বর) সকালে মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এর আগে শনিবার (১লা নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের বাইতুল নূর জামে মসজিদে এই ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া তিনজনই নেশাগ্রস্ত অবস্থায় মসজিদে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, আজ থেকে এই মসজিদে আমাদের অনুমতি ছাড়া কোনো প্রকার আযান দেওয়া যাবে না।

এদিকে, ইমাম সাহেব এই কথার প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তারা মসজিদের ভেতরে ঢুকেই মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। এ সময় হাবিবুর রহমান ও কাজল মিয়া নামে দুই মুসল্লি হামলাকারীদের বাঁধা দিতে গেলে তাদেরকেও মারধর করে নেশাগ্রস্তরা। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি মোঃ আশরাফ আলী বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি এবং এ নিয়ে থানায় একটি লখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা বলেন, মসজিদে ঢুকে হামলা ও ভাংচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *