নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে দৈনিক নতুন ভোরের কণ্ঠ পরিবারের গভীর শোক

Spread the love

নিজস্ব প্রতিবেদক।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাইটিভি’ ও জাতীয় দৈনিক ‘ভোরের কাগজ’-এর নওগাঁ জেলা প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দৈনিক নতুন ভোরের কণ্ঠ পরিবার।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবু বক্কর সিদ্দিক দীর্ঘ কয়েক দশক ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তাঁর সহকর্মী ও সংশ্লিষ্ট সুধীজনদের মতে, তিনি ছিলেন সৎ, নির্ভীক ও পেশাদার সাংবাদিক। নওগাঁর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তিনি বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরেছেন।

নওগাঁ জেলা প্রেসক্লাবকে সুসংগঠিত রাখতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল বলেও সহকর্মীরা উল্লেখ করেন। তাঁর মৃত্যুতে বরেন্দ্র অঞ্চলের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।


দৈনিক নতুন ভোরের কণ্ঠ পরিবারের নেতৃবৃন্দ মরহুম আবু বক্কর সিদ্দিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেছেন।