টঙ্গীতে সফটওয়্যার মালিকের পাওনা টাকা না দেওয়ার অভিযোগ

Spread the love

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে ওয়েবসাইট ডেভেলপমেন্টের বকেয়া অর্থ পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সফটওয়্যার ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী এস এম মশিউর রহমান মাসুম (৩২), যিনি ক্রিয়েটিভ সফট বিডি লিমিটেড নামক একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের পরিচালক।

তিনি টঙ্গী পশ্চিম থানায় উপস্থিত হয়ে জানান, ২০১৬ সালের ১৭ জুন তিনি টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ-এর জন্য একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে দেন। ওয়েবসাইটটির নাম ছিল, tongipilotsagc.edu.bd।চুক্তি অনুযায়ী ওয়েবসাইট তৈরির মোট বিল ছিল ৫৯ হাজার টাকা। এর মধ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কেবল ৯ হাজার টাকা পরিশোধ করে (ইনভয়েস নং–২৬৯৯)। বাকি ৫০ হাজার টাকা পরিশোধের আশ্বাস দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা পরিশোধ করা হয়নি। অভিযোগে আরও বলা হয়, সে সময় স্কুল কর্তৃপক্ষ ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতার নাম উল্লেখ করে জানায় যে, বিদ্যালয়ের উন্নয়ন কাজ চলমান থাকায় আপাতত পর্যাপ্ত ফান্ড নেই, পরে টাকা পরিশোধ করা হবে। ভুক্তভোগী নিজেও ওই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী হওয়ায় বিষয়টি মানবিকভাবে মেনে নেন। আজ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তার তৈরি করা ওয়েবসাইট ব্যবহার করে নিয়মিত যাবতীয় কার্যক্রম পরিচালনা করলেও পাওনা অর্থ পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন ১. অধ্যক্ষ আলাউদ্দিন (৫৩) ২. ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ (৫১)। ভুক্তভোগীর দাবি, সরকারের পটপরিবর্তনের পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানালেও অধ্যক্ষ আলাউদ্দিনই টাকা পরিশোধ করবেন, তিনি বরাবরের মতোই নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন। শেষ পর্যন্ত ন্যায্য পাওনা আদায়ের আশায় তিনি টঙ্গী পশ্চিম থানা-এর দ্বারস্থ হয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *