মাহবুবুর রহমান জিলানী,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বড় দেওড়া হাজী পিয়ার আলী স্কুল মাঠে ৫৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিকালে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এমন উদ্যোগ প্রশংসনীয়। প্রভাষক বশির উদ্দিন দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রভাষক বশির উদ্দিন বলেন, আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সর্বদা জনগণের পাশে থাকতে চাই। আমার একমাত্র লক্ষ্য – গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনসেবার মাধ্যমে দলীয় ভাবমূর্তি আরও উজ্জ্বল করা। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন,
নবগঠিত “গাজীপুর-৬ আসনটি বিএনপির ঘাঁটি। এই আসনে দলের ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করতে আমি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিরলসভাবে কাজ করছি।”
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় নেতারা প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, তৃণমূল থেকে উঠে আসা এই প্রভাষক তরুণদের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন।
সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।