স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী পরিচালিত এ অভিযানে একটি শিল্পকারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় এবং এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) গাজীপুর মহানগরীর নাওজোর বাবু মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই এলাকার ক্লাসিক ওয়াশিং শিল্পকারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি অভিযুক্ত এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জয়দেবপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রাকিব হাসানসহ তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টরা জানান, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জাতীয় সম্পদ গ্যাসের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে গ্যাস ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।