মো: ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
শরতের স্নিগ্ধ সকালে প্রকৃতি যেন নিজের হাতে সেজে উঠেছে এক অপরূপ সৌন্দর্যে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামে বিলে ফুটে থাকা লাল শাপলার মনকাড়া সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। স্থানটি যেন রূপ নিয়েছে এক রূপসী ‘রক্ত কমলের’ রাজ্যে।
কালীগঞ্জ-বক্তারপুর সড়কের সংলগ্ন জলাশয়ে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে থাকা এই লাল শাপলার সৌন্দর্য এক অপূর্ব দৃশ্য ফুটিয়ে তুলেছে। ভাসমান লাল শাপলার উজ্জ্বল পাপড়িগুলো যে কারও চোখ নিমেষেই জুড়িয়ে দেয়। সম্প্রতি এই বিলে লাল শাপলার মনোমুগ্ধকর রূপ উপভোগ করতে আসেন বাংলাদেশ প্রেস ক্লাব, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোরাব আলী সরকার। তিনি বিলের প্রাকৃতিক রূপ পরিদর্শন করেন এবং হাতে লাল শাপলা নিয়ে স্থানীয় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
উদ্ভিদবিজ্ঞানীদের মতে, লাল শাপলা সাধারণত নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি জন্মায়। এর বৈজ্ঞানিক নাম Nymphaea rubra। এটি কেবল প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাল শাপলা বিল ও জলাশয়ের পানি পরিষ্কার রাখতে সাহায্য করে এবং পানিতে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে জলজ প্রাণীদের বাঁচিয়ে রাখে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর শরতে ভাটিরা গ্রামের বিলে ফুটে থাকা রক্ত কমলের দৃশ্য দেখতে অনেক মানুষ ভিড় জমান। তারা এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং জলাশয়গুলো সংরক্ষণে সবার সহযোগিতা কামনা করেছেন।