মোঃ ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন ইয়াবা সেবনকারীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
বুধবার (১২ আগস্ট ২০২৬) কালীগঞ্জ উপজেলার হরিদেবপুর, পুন্নারটেক এবং টেক মানিকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ১. পুন্নারটেক গ্রামের মৃত এস. এম. ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪৭)। তাকে ১০০ টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ২. হরিদেবপুর গ্রামের মৃত আঃ গনির ছেলে মোঃ কাসেম (২৯)। তাকে ১০০ টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ৩. টেক মানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোঃ মোক্তার মোল্লা (৩৫)। তাকে ১০০ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, তারা সকলেই চিহ্নিত ইয়াবা সেবনকারী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩টি পৃথক মামলায় অভিযুক্তদের প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড এবং অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এবং বেঞ্চ সহকারী হিসেবে সহায়তা করেন মাহবুবুল ইসলাম।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।