মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি পৃথক মামলায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোট ৫০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে একটি নামবিহীন প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) কালীগঞ্জ উপজেলার বেরুয়া ও তুমলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা এবং ১ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি আইন অমান্য করায় নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় আদালত।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩টি পৃথক মামলায় অভিযুক্ত ৩ জনকে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: ১. ইকবাল (৪৩), পিতা- মৃত জয়নাল আবেদীন, সাং- সাতানীপাড়া, কালীগঞ্জ, গাজীপুর। (মামলা নং ১৬৯/২৬: ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড)। ২. মোবারক হোসেন (৫১), পিতা- আঃ কাদির, সাং- তুমুলিয়া, কালীগঞ্জ, গাজীপুর। (মামলা নং ১৭০/২৬: ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড)। ৩. ইউসুফ পালসা (৪১), পিতা- মৃত সেলেস্টিন পালসা, সাং- চরেবাঘোলা, কালীগঞ্জ, গাজীপুর। (মামলা নং ১৭১/২৬: ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড)। উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। অভিযানে সার্বিক সহায়তা করেন আদালতের বেঞ্চ সহকারী আল আমিন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।