মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ আগস্ট (বুধবার) ভোররাতে উপজেলার পূর্বাচল ১৫ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালে জানতে পারে—১৫ নম্বর সেক্টরের পূর্বাচল বাসাবাসি সাকিনের দক্ষিণ-উত্তর-পূর্ব কোণে সার্ভিস লাইনের ওপর কিছু দুষ্কৃতকারী ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত আসামিরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—বরগুনার তালতলী থানার ছোটবগী গ্রামের বিলাল হাওলাদার (৪৬) এবং পটুয়াখালীর গলাচিপা থানার খাউরিয়া এলাকার রবিন (৩৫)। বর্তমানে তারা উভয়েই নারায়ণগঞ্জের ফতুল্লা থানার এলাকায় বসবাস করছিলেন।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের একটি মাঝারি ধরনের ট্রাক (পিকআপ), একটি লোহার তৈরি কাটার, ১টি স্লাইস রেঞ্জ (পাইপ রেঞ্জ) ১টি সাইজ রড, ১টি চেপ্টা লোহার রডসহ বিভিন্ন মাপের কয়েকটি ধারালো ও দেশীয় লোহার অস্ত্র উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার মামলা নং-২১ (তারিখ: ২৬/০৮/২০২৬, ধারা: ৩৯৯/৪০২ পেনাল কোড) সূত্রে পুলিশ জানিয়েছে, ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।