কালীগঞ্জে এসএসসি ও দাখিলে উত্তীর্ণদের সংবর্ধনা: নেশাগ্রস্ত ছেলে যতই ধনী হোক মেয়ে বিয়ে দেবেন না—ফজলুল হক মিলন

Spread the love

মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।​বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার জামালপুর কলেজ মাঠে কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম ফজলুল হক মিলন। ​প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. কে. এম ফজলুল হক মিলন বলেন, যখন আমার কাছে জাহাঙ্গীর গিয়ে বলেছে জিপিএ-৫ যারা পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিতে চাই, আমি বলেছি যে না, আমি কাউকে হতাশ করতে চাই না। যারা ৪ পেয়েছে, যারা পাস করেছে—আমি সবাইকে সংবর্ধনা দিতে চাই। ​শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, মেয়ে যখন বিয়ে দেবেন, আগে দেখবেন ছেলে নেশাগ্রস্ত কি না। যদি নেশায় যুক্ত থাকে, তবে ছেলের বাড়িতে ১০ তলা বিল্ডিং আর গাড়ি থাকলেও সেখানে মেয়ে বিয়ে দেবেন না। আর ছেলে যদি নেশা না করে মেধাবী হয়, তবে পরিবার গরিব হলেও সেখানে মেয়ে বিয়ে দেবেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার এবং সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। ​কলেজের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম ও সহযোগী অধ্যাপক নাজমুন নাহারের যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান এবং বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​জামালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন মো. সামসুল আলমের সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও উন্নত ফলাফলের জন্য শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও উৎসাহ দেওয়া হয়। ​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *