মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে ৮ জন মাদক কারবারী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশ ইয়াবা, চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে।
বুধবার (২৫ মার্চ) রাতের অভিযানের বিষয়টির তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা শামিম। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে জামালপুর বাগমারপাড়া এলাকার মোল্লারটেকের একটি বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। সেখান থেকে ছয় মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সাইদুল ইসলাম (লিপু), পনির হাসান, কাউছার, নাবিদুল, সাইম কিবরিয়া ও আতিকুল্লাহ (তাওছিন)। তাদের দেহ তল্লাশি করলে ৪২ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের তিনটি পাইপ জব্দ করা হয়। একই রাতে ১০টার দিকে মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামে অভিযান চালিয়ে জীবন দাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তার বসতবাড়ির নিকট হতে ১০ পিস ইয়াবা জব্দ করেছেন। তাছাড়া নাগরী ইউনিয়নের মঠবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সমীর বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করা হয়। তার নিকট হতে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৫ লিটার মদ তৈরির উপকরণ, একটি গ্যাস সিলিন্ডার ও একটি লোহার চুলা জব্দ করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। সকল আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে কালিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।