কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর উদ্যোগে আয়োজিত ‘জব (Job Fair-2026) এ ১১১ জন কিশোরী ও তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ১৮ জন তরুণী উদ্যোক্তা হওয়ার সুযোগ লাভ করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার জেনেসিস ইএসডিও ট্রেনিং সেন্টারে (ESDO) এই মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ইউএনও এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, নারীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ইএসডিও প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে সকল শিল্প প্রতিষ্ঠান এগিয়ে এসে চাকরি প্রদান করছেন, তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও উল্লেখ করেন, কারিগরি শিক্ষা ও বাজারভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে তরূণীরা এখন শুধু চাকরির ওপর নির্ভর না করে নিজেরাই উদ্যোক্তা হিসেবে উঠছেন, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে।
ইউনিসেফ (UNICEF) ও কোইকা (KOICA)-র সহায়তায় আয়োজিত এই মেলায় ঝরে পড়া কিশোরী ও তরুণীদের বাজারমুখী কারিগরি ও হস্তান্তরযোগ্য দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সরাসরি চাকরির ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে ইএসডিও-এর আঞ্চলিক ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুবিধাভোগী তরুণীগণ উপস্থিত ছিলেন।