মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
সবুজের আবরণে পুষ্টির অমৃতভান্ডার হিসেবে পরিচিত দেশীয় ভেষজ ফল আমলকী। গাজীপুরের কালীগঞ্জে এ বছর আমলকীর বাম্পার ফলন হয়েছে, যা স্থানীয় কৃষকদের মুখে ফুটিয়েছে হাসির ঝিলিক।
পুষ্টি ও ঔষধিগুণে ভরপুর আমলকী চাষ কেবল কৃষকদের ভাগ্যই বদলাচ্ছে না, বরং কালীগঞ্জের গ্রামীণ অর্থনীতিতে খুলে দিয়েছে সম্ভাবনার এক নতুন দ্বার।
শীতের আগমনী বার্তার সাথে সাথেই কালীগঞ্জের স্থানীয় হাট-বাজারগুলো মুখরিত হয়ে উঠেছে তাজা আমলকীর সমাহারে। সাম্প্রতিক সময়ে ভেষজ ও ঔষধি গুণের কারণে এই ফলের চাহিদা বেড়েছে কয়েকগুণ। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচা আমলকী ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা ফলের পাশাপাশি শুকনো আমলকী, আচার, মোরব্বা ও গুঁড়া আকারেও এটি দেদারসে বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন ভেষজ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পাইকারি হারে এই অঞ্চল থেকে আমলকী সংগ্রহ করছে। বর্তমানে উপজেলার উত্তরাঞ্চলে প্রায় ৩০ বিঘা জমিতে বাণিজ্যিক আমলকী চাষ হচ্ছে।
সফল কৃষকের সাফল্যগাথা
উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের সফল আমলকী চাষি সেবক পাল জানান, তার প্রায় ৫ বিঘা জমিতে ছোট-বড় ২৫০টি আমলকী গাছ রয়েছে। এ বছর বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় তিনি ইতিমধ্যে প্রায় ১৫ লাখ টাকার আমলকী বিক্রি করেছেন। বাগানে থাকা বাকি ফল দিয়ে আরও প্রায় ৫ লাখ টাকা আয় করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। তার মতে, সামান্য পরিচর্যা করলেই আমলকী চাষে অভাবনীয় সাফল্য পাওয়া যায়। তবে সরকারিভাবে সংরক্ষণ ও বিপণনের সুব্যবস্থা করা হলে কৃষকরা আরও বেশি লাভবান হতেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালীগঞ্জ অঞ্চলে বর্তমানে আমলকীর আবাদ ও উৎপাদন সন্তোষজনক হারে বাড়ছে। গাছগুলো কম পরিচর্যা ও রোগবালাইমুক্ত হওয়ায় চাষিরা এতে বেশি ঝুঁকছেন। সরকারি সহায়তা এবং আধুনিক সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন করা হলে এই ফল জাতীয় পর্যায়ে একটি সম্ভাবনাময় রপ্তানিযোগ্য কৃষিপণ্য হয়ে উঠতে পারে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. মোসা. আলেয়া খাতুন জানান, আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’, অ্যান্টিঅক্সিডেন্ট, লৌহ ও বিভিন্ন খনিজ পদার্থ। এটি খাবার হজমে সাহায্য করার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া ত্বক ও চুলের সুরক্ষাতেও আমলকীর জুড়ি মেলা ভার। (এর বৈজ্ঞানিক নাম: Phyllanthus emblica L)