কালীগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট: খেলাধুলাই যুবসমাজকে সঠিক পথে রাখতে পারে- ফজলুল হক মিলন এমপি

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

​মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে যুবসমাজকে মাদকমুক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এক জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ, কে, এম, ফজলুল হক মিলন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ, কে, এম, ফজলুল হক মিলন যুবসমাজকে মাদক ও সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ কর্ণধার যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে নিয়মিত ক্রীড়া চর্চা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পেলে তবেই দেশ ও জাতি উন্নতির পথে এগিয়ে যাবে।

​কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল হাসান মিন্টু। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

​টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। পাশাপাশি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি এমপি ফজলুল হক মিলন।

​আয়োজকদের মতে, এমপি মহোদয়ের এমন ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ কালীগঞ্জের যুবসমাজকে খেলাধুলামুখী করতে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
​