মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে যুবসমাজকে মাদকমুক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এক জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ, কে, এম, ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ, কে, এম, ফজলুল হক মিলন যুবসমাজকে মাদক ও সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ কর্ণধার যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হলে নিয়মিত ক্রীড়া চর্চা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পেলে তবেই দেশ ও জাতি উন্নতির পথে এগিয়ে যাবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল হাসান মিন্টু। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। পাশাপাশি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি এমপি ফজলুল হক মিলন।
আয়োজকদের মতে, এমপি মহোদয়ের এমন ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ কালীগঞ্জের যুবসমাজকে খেলাধুলামুখী করতে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।