​তাহিরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে সোপর্দ

Spread the love

​তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোর মো: রাকিব মিয়াকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর গতকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত রাকিব মিয়া তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা।

​মামলার এজাহার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেলে রহমতপুর গ্রামে শিশু মোছাঃ লামিয়া আক্তারের (৫) ওপর এই নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে প্রথমে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের গাইনোকোলজি ওয়ার্ডে চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। ​এই ঘটনায় ভুক্তভোগীর বাবা ইকবাল হোসেন বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং- ১২/২৫০) মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তার করে এবং গতকাল আদালতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকায় এ ঘটনায় জড়িত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।