মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।
গাজীপুরের কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে আব্দুল মজিদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত জামাই মোজাম্মেল কালীগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর নোভা জেনারেল হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ স্থানীয় বাসিন্দা এবং পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শ্বশুর আব্দুল মজিদকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেন জামাই মোজাম্মেল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত মোজাম্মেল আত্মগোপনে চলে যান। পরদিন শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনের মোবাইল ফোনে কল দিয়ে আত্মসমর্পণের আকুতি জানান। পরবর্তীতে ওসির নির্দেশে সকাল ১০টার দিকে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোজাম্মেল নিজের অপরাধ স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাঁকে গাজীপুর জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এদিকে এ ঘটনায় নিহতের ছেলে লিটন মোড়ল বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার মূল কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।