আত্রাইয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রয়ের অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা

Spread the love

আব্দুর রশিদ তারেক, নওগাঁ।

নওগাঁর আত্রাইয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে তিন সার ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।​

অভিযান সূত্রে জানা যায়, সার বিক্রিতে অনিয়মের অভিযোগ পেয়ে সাহেবগঞ্জ ও জয়সাড়া বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় সাহেবগঞ্জ বাজারের ‘কনক মনি বীজ ভাণ্ডার’-এর মালিক মো. আব্দুল কুদ্দুসকে ২০ হাজার টাকা, জয়সাড়া বাজারের সার ব্যবসায়ী মিজানুর রহমানকে ১০ হাজার টাকা এবং হাবিবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ​অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন আত্রাই থানার পুলিশ সদস্য, সহকারী প্রশাসনিক অফিসার মো. আহসান হাবিব নাঈম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের বাজারমূল্য স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি অব্যাহত রয়েছে। নির্ধারিত দামের চেয়ে এক টাকাও বেশি নেওয়া হলে কিংবা সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *